আশুলিয়ায় শ্রীখন্ডি এলাকার আলোচিত ফয়সাল মোল্লা (৩৫) হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই)। ঘটনায় প্রধান অভিযুক্ত বিপ্লব হাসান বিপুকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে পিবিআই ঢাকা জেলা পুলিশ সুপার এম এন মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে সোমবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ১৫ এপ্রিল আশুলিয়ার শ্রীখন্ডি এলাকায় ফয়সাল মোল্লাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা হুমায়ূন কবির বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ১৯ এপ্রিল পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করেন।
পিবিআই পুলিশ জানায়, তদন্তের দায়িত্ব পাওয়ার পর তথ্য-প্রযুক্তির সহায়তা এবং ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এতে বিপুর সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর তার অবস্থান শনাক্ত করা হয়। পরে তাকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকায় একটি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পিবিআই আরো জানায়, তাদের মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ ও পুঞ্জীভূত ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। ঘটনার দিন বিপু ও তার সহযোগী মাসুদ মিলে ধারালো অস্ত্র দিয়ে ফয়সালকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ঢাকা জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এম এন মোর্শেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপু হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার অন্য আসামি মাসুদকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত বিপুকে আদালতে পাঠানো হয়েছে।
