ইউনূসের জাপান সফর: আলোচনায় বাজেট সহায়তা ও কৌশলগত অংশীদারত্ব

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংI

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফরে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব (ভারপ্রাপ্ত) রুহুল আলম সিদ্দিক।

তিনি জানান, ২৮ থেকে ৩১ মে পর্যন্ত প্রধান উপদেষ্টার সরকারি সফর চলবে। সফরের মূল উদ্দেশ্য হলো জাপানের কাছ থেকে বাজেট সহায়তা অর্জন করা। বাংলাদেশের পক্ষ থেকে ১০ হাজার কোটি টাকা, অর্থাৎ প্রায় ১ বিলিয়ন ডলারের সফট লোন চাওয়া হয়েছে। এই সফরের মধ্য দিয়ে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত এবং চুক্তি স্বাক্ষর হতে পারে।

সফরকালে ৩০ মে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন অধ্যাপক ইউনূস। বৈঠকে বাজেট সহায়তা ছাড়াও কৌশলগত সম্পর্ক, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জনগণের মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় উঠে আসবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

জাপান সফরে ইউনূসকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার এবং লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া, অধ্যাপক ইউনূস টোকিওতে অনুষ্ঠিতব্য ‘নিক্কেই ৩০তম ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন এবং সেখানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। তিনি ২০০৪ সালে ‘নিক্কেই এশিয়া প্রাইজ’ অর্জন করেছিলেন।

সফরে যোগদানের আমন্ত্রণ জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইকুইনা আকিকো অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণপত্র প্রদান করেন।

পররাষ্ট্র সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা আগামী ২৭ মে রাতে ঢাকা ত্যাগ করবেন। সফর শেষে ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *