ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণের সীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ছবি : সংগৃহীত

দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি কেনায় ঋণের সর্বোচ্চ সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন এসব গাড়ি কিনতে একজন গ্রাহক ব্যাংক থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা আগে ছিল ৬০ লাখ টাকা।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রচলিত জ্বালানিচালিত গাড়ির ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ সীমা আগের মতো ৬০ লাখ টাকাই থাকছে। তবে পরিবেশবান্ধব ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে ঋণ সুবিধা বাড়ানো হয়েছে।

ঋণ প্রদানের ক্ষেত্রে শর্তও শিথিল করা হয়েছে। সাধারণ গাড়ির জন্য যেখানে ঋণ-ইক্যুইটি অনুপাত ৬০:৪০, সেখানে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে তা বাড়িয়ে ৮০:২০ করা হয়েছে। অর্থাৎ, কোনো গাড়ির দাম এক কোটি টাকা হলে ব্যাংক থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা ঋণ পাওয়া যাবে, বাকি অর্থ গ্রাহককে নিজস্ব উৎস থেকে দিতে হবে।

এ ছাড়া ব্যক্তিগত ঋণের সীমাও বাড়ানো হয়েছে। জামানত ছাড়া সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। আর জামানত থাকলে সর্বোচ্চ ঋণের সীমা ৪০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, দেশে ভোক্তা পণ্যের বাজার সম্প্রসারণ, মাথাপিছু আয় বৃদ্ধি এবং মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির ফলে ভোক্তাদের ব্যয়ক্ষমতা বেড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ভোক্তা ঋণের সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।

তবে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, ভোক্তা অর্থায়ন এমনভাবে করতে হবে যাতে তা কোনোভাবেই ব্যাংকের মোট ঋণ প্রবৃদ্ধির হারকে ছাড়িয়ে না যায়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *