শিপিং এজেন্ট লাইসেন্স সহজ করতে নতুন বিধিমালা

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

শিপিং এজেন্ট লাইসেন্স ইস্যুতে প্রতিযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে নতুন বিধিমালা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ‘শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৫’ নামে এই বিধিমালা গত ৩০ ডিসেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর করা হয়েছে।

শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সমুদ্র ও নৌবন্দর সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনগুলোর আওতায় শিপিং এজেন্টদের কার্যক্রমকে আরও সহজ, আধুনিক ও সময়োপযোগী করতেই আলাদা এই বিধিমালা প্রণয়ন করা হয়েছে।

এনবিআর জানায়, এতদিন শিপিং এজেন্ট লাইসেন্স প্রদানের জন্য কোনো স্বতন্ত্র নীতিমালা না থাকায় কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা–২০২০ অনুসরণ করা হতো। নতুন বিধিমালার মাধ্যমে এই খাতে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে।

এর আওতায় কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণে এনবিআরের পূর্বানুমোদন নেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। এতে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ আগের তুলনায় দ্রুত সময়ে লাইসেন্স ইস্যু করতে পারবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া লাইসেন্স পেতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার নিয়মও বাতিল করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে দাখিল করা হলে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যেই লাইসেন্স প্রদান করা হবে।

নতুন বিধিমালার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এখন থেকে একটি কাস্টমস স্টেশন থেকে পাওয়া শিপিং এজেন্ট লাইসেন্স দিয়েই দেশের যেকোনো সমুদ্র বা নৌবন্দরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যাবে। আগে এ ধরনের লাইসেন্স সংশ্লিষ্ট স্টেশন ও বন্দরের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

এনবিআরের মতে, নতুন এই বিধিমালা কার্যকর হলে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে। সংস্থাটি জানিয়েছে, কাস্টমস ব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *