তাসনিম জারার মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত জানান।

মনোনয়ন বাতিলের পর প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন এবং ইতোমধ্যে আপিল প্রক্রিয়া শুরু করেছেন।

তিনি জানান, নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়া বাধ্যতামূলক। এ ক্ষেত্রে তিনি নির্ধারিত সংখ্যার চেয়ে প্রায় ২০০টি অতিরিক্ত স্বাক্ষর জমা দেন। যাচাই-বাছাইয়ের সময় কমিশন ১০ জন ভোটারের তথ্য পরীক্ষা করে, যার মধ্যে আটজনের তথ্য সঠিক পাওয়া যায়।

তাসনিম জারার দাবি, বাকি দুজনের পরিচয় সত্য হলেও তারা ঢাকা-৯ আসনের ভোটার নন—এমন তথ্য দেখিয়ে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি বলেন, ওই দুই ভোটারের ঠিকানা খিলগাঁও এলাকায় হলেও এলাকার একটি অংশ অন্য সংসদীয় আসনের অন্তর্ভুক্ত হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট ভোটারদের জানার কোনো বাস্তব সুযোগ ছিল না যে তারা ঢাকা-৯ আসনের ভোটার নন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও তারা ভোটার নম্বর বা নির্দিষ্ট আসনসংক্রান্ত স্পষ্ট তথ্য পাননি। এমনকি একজন ভোটারের জাতীয় পরিচয়পত্রে তাকে ঢাকা-৯ আসনের ভোটার হিসেবেই উল্লেখ করা আছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। ওইদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, কোনো দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্র হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *