নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
তিনি বলেন, “আমরা সংলাপের বিষয়টি কমিশনের কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছি। আনুষ্ঠানিকভাবে বলা যায়, ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু হবে। প্রথমে সুশীল সমাজ ও শিক্ষাবিদের সঙ্গে সংলাপের আমন্ত্রণ জানানো হবে। ধাপে ধাপে অন্যান্য অংশীজনও এতে যুক্ত হবেন।”
ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সংলাপ শুরু করা হবে। সংলাপ শুরুর এক সপ্তাহ থেকে ১০ দিন আগে অংশীজনদের লিখিতভাবে আমন্ত্রণ জানানো হবে। প্রথম ধাপে সুশীল সমাজ, নারী নেতৃবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ হবে।
রোডম্যাপে উল্লেখ করা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থা, নির্বাচন বিশেষজ্ঞ এবং আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সংলাপ শেষ হবে এক থেকে দেড় মাসের মধ্যে।
ইসির কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আমাদের রোডম্যাপ অনুযায়ী সংলাপ চলতি মাসের শেষ দিকে শুরু হবে।
বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে কমিশন।
রোডম্যাপ অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন দল নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য মোট ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছে।
প্রাথমিক বাছাইয়ে ১২১টি আবেদন বাতিল করা হয়েছে। বাছাইয়ে উত্তীর্ণ ২২টি দলকে মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করা হয়েছে।
এছাড়া বাতিল হওয়া দলগুলোকে ইসি আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে।
