বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলা সফর করবেন। এই সফরকে কেন্দ্র করে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিএনপি।
বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের কবর জিয়ারত, পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণই এই সফরের মূল উদ্দেশ্য।
বিএনপি জানায়, সফরকালে তারেক রহমান নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করবেন এবং কোনোভাবেই এর ব্যত্যয় ঘটানো হবে না।
দলীয় কর্মসূচি অনুযায়ী, সফরের প্রথম দিন ১১ জানুয়ারি ঢাকায় নির্ধারিত কর্মসূচি শেষে তিনি গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বগুড়ায় পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের।
১২ জানুয়ারি বগুড়া থেকে যাত্রা শুরু করে তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। একই দিনে রংপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
এরপর ১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ায় আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের।
এ ছাড়া সফরকালে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, তৈয়বা মজুমদারসহ জুলাই যোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
