একমি পেস্টিসাইডসের শেয়ারে টানা ঊর্ধ্বগতি, ডিএসইর চিঠির জবাব নেই

নিউজনেক্সট ডেস্ক :

2 Min Read

শেয়ারবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস লিমিটেডের শেয়ারদর প্রায় দেড় মাস ধরে ধারাবাহিকভাবে বাড়ছে। একই সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনেও অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা নিয়ে বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সম্প্রতি শেয়ারদরের অস্বাভাবিক ওঠানামা ও লেনদেন বৃদ্ধির কারণ জানতে কোম্পানিটিকে চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এই নীরবতার মধ্যেই শেয়ারের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।

বাজার তথ্য অনুযায়ী, প্রায় দেড় মাস আগে একমি পেস্টিসাইডসের শেয়ারদর ছিল ১৬ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন শেষে তা বেড়ে ২৫ টাকায় পৌঁছায়। এরপরের দিনগুলোতেও দর বাড়তে থাকে এবং বেলা দেড়টা পর্যন্ত শেয়ারটি ২৭ টাকা ১০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। এ সময়ে প্রায় ৯০ লাখ শেয়ার হাতবদল হয়, আর একদিনে সর্বোচ্চ লেনদেন ছিল ১ কোটি ২৬ লাখের বেশি শেয়ার।

ডিএসই গত ৮ এপ্রিল কোম্পানিটির কাছে দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চাইলেও রোববার (১২ এপ্রিল) পর্যন্ত কোনো জবাব দেয়নি প্রতিষ্ঠানটি।

অন্যদিকে কোম্পানির আর্থিক অবস্থাও দুর্বল বলে জানা গেছে। সর্বশেষ ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে যথাক্রমে ১০ কোটি ২৮ লাখ ও ১৫ কোটি ৩৮ লাখ টাকা নিট লোকসান করেছে একমি পেস্টিসাইডস। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেও (জুলাই-ডিসেম্বর) কোম্পানির লোকসান দাঁড়িয়েছে সাড়ে ৩ কোটি টাকার বেশি।

এমন পরিস্থিতিতে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের আগেই শেয়ারের এ ধরনের অস্বাভাবিক দরবৃদ্ধি নিয়ে বাজার বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *