এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

2 Min Read

আগামী বছরের এপ্রিল মাস নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত সময় নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “রমজান, আবহাওয়া ও পাবলিক পরীক্ষার বাস্তবতা বিবেচনায় এ সময় নির্ধারণ অযৌক্তিক এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।”

শনিবার (৭ জুন) সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “সরকার যে সময় ঘোষণা করেছে তা জনগণের মতামতের প্রতিফলন নয়। রোজা, আবহাওয়া ও পাবলিক পরীক্ষার সময়কে উপেক্ষা করে এই রোডম্যাপ তৈরি করা হয়েছে। এটা ভেবেচিন্তে হয়নি। ডিসেম্বরেই নির্বাচন সম্ভব, সেটিই জাতির জন্য উপযুক্ত সময়।”

শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বিএনপি নেতারা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন।

এই ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি এক বিবৃতি দেয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “নির্দলীয়-নিরপেক্ষ সরকারের প্রতিশ্রুতি থাকলেও তারা একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহভাগ রাজনৈতিক দলের মত উপেক্ষা করেছে। এতে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে জনগণের মধ্যে যথার্থই শঙ্কা তৈরি হয়েছে।”

উল্লেখ্য, শুক্রবার রাত ৯টা থেকে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *