এবার সিনেমায় অভিষেক প্রভার

বিনোদন ডেস্ক :

2 Min Read

২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন সাদিয়া জাহান প্রভা। নাটক ও বিজ্ঞাপনে দুই দশকের ক্যারিয়ারে দর্শকপ্রিয় হলেও এতদিন তাকে দেখা যায়নি বড় পর্দায়। অবশেষে প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত দুটি চলচ্চিত্রে প্রভাকে দেখা যাবে—ঝুমুর আসমা জুঁইয়ের ‘দুই পয়সার মানুষ’ এবং সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’।

এর আগে এক অনুষ্ঠানে প্রভা আক্ষেপ করেছিলেন, চলচ্চিত্রে তাঁর ভাগ্য ভালো নয়। একাধিক সিনেমা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনোটিই শুটিং পর্যন্ত গড়ায়নি। তবে এবার সেই আক্ষেপ কাটাচ্ছেন।

গতকাল গাজীপুরের হোতাপাড়ায় শুরু হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত দেনা পাওনা সিনেমার শুটিং। এতে ‘নিরুপমা’ চরিত্রে অভিনয় করছেন প্রভা। তার সহশিল্পী চিত্রনায়ক মামনুন হাসান ইমন, যিনি এখানে জমিদারপুত্র ও কলকাতার ম্যাজিস্ট্রেটের ভূমিকায় অভিনয় করছেন। গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার সঙ্গে তার বিয়ে ঠিক হয়, কিন্তু পণ দিতে না পারায় নিরুপমার পিতা আত্মহত্যা করেন।

এর আগে প্রভা শেষ করেছেন দুই পয়সার মানুষ সিনেমার প্রথম লটের কাজ। এই চলচ্চিত্রে ফুটে উঠবে সাধারণ মানুষের জীবনসংগ্রাম, স্বপ্ন ও মানবিক সম্পর্কের বাস্তব চিত্র। এতে তার সহশিল্পী এ বি এম সুমন। আগামী মাসে সিনেমাটির দ্বিতীয় লটের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

দুই সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে প্রভা বলেন, “চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব আগেও পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে করা হয়নি। এমনও হয়েছে সব চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি। এবার অনেক আগেই যুক্ত হয়েছি, তবে নিশ্চিত না হওয়া পর্যন্ত জানাতে চাইনি। শুটিং শুরু করলাম, তাই সুখবরটি শেয়ার করলাম। দর্শক আমাকে ভিন্ন দুটি চরিত্রে দেখতে পাবেন।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *