সিনেমা, স্বল্পদৈর্ঘ্য ও ওয়েব কনটেন্টে ব্যস্ত সময় তোরসার

বিনোদন ডেস্ক :

2 Min Read

নতুন বছরের শুরুতেই একাধিক সিনেমায় যুক্ত হওয়ার ঘোষণায় আলোচনায় উঠে এসেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাবজয়ী রাফা নানজীবা তোরসা। মডেলিং থেকে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে বড় পর্দায় নিজের অবস্থান সুদৃঢ় করছেন এই অভিনেত্রী। বছরের শুরুতেই চারটি নতুন সিনেমার খবর দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন—এখন তার মূল মনোযোগ সিনেমাকেন্দ্রিক।

বর্তমানে গ্রামীণ পটভূমিতে নির্মিত চলচ্চিত্র ‘মাটি’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তোরসা। তারিফ সৈয়দের পরিচালনায় নির্মিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন নবাগত আলভী মামুন। সিনেমাটির গল্প ও চিত্রনাট্যও পরিচালকেরই লেখা।

তোরসা জানান, ছবিটির বেশির ভাগ দৃশ্যধারণ ইতোমধ্যে শেষ হয়েছে। গ্রামীণ জীবন, মানবিক সম্পর্ক ও বাস্তবতার গল্প নিয়ে নির্মিত ‘মাটি’ আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন এম ডি ইকবাল হোসেন, আশিক সরকার ও মাহামুদ আলম।

এর পাশাপাশি সম্প্রতি তিনি শেষ করেছেন আলী জুলফিকার জাহেদী পরিচালিত বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’-এর কাজ। নারীর প্রতি সামাজিক বৈষম্য ও নিপীড়নের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে বলে জানান তোরসা।

এদিকে তার অভিনীত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নির্জন স্বাক্ষর’-এর কাজও আগেই সম্পন্ন হয়েছে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন খায়রুল বাসার। এ ছাড়া আরও একটি নতুন সিনেমার শুটিং শেষ করলেও আপাতত সে বিষয়ে বিস্তারিত জানাতে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান অভিনেত্রী। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা তার।

নিজের কাজের প্রসঙ্গে তোরসা বলেন, ভিন্নধর্মী চারটি গল্পে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি, যা দর্শকদের কাছে তাকে নতুনভাবে তুলে ধরবে। কাজ বাছাইয়ের ক্ষেত্রে গল্পের পাশাপাশি টিমের গুরুত্বও তিনি বিবেচনায় রাখেন।

তার মতে, সিনেমাই এখন তার প্রথম অগ্রাধিকার, এরপর রয়েছে ওটিটি ও নাটক। এরই মধ্যে অরিজিনাল গল্পের ওয়েব কনটেন্ট ‘প্ল্যান বি’-তে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। পাশাপাশি তার উপস্থাপনায় পডকাস্ট শো ‘শি’-এর প্রথম মৌসুম আলোচনার জন্ম দিয়েছে। খুব শিগগিরই এর দ্বিতীয় মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার পর থেকেই পরিকল্পিতভাবে অভিনয়ের কাজ করে যাচ্ছেন রাফা নানজীবা তোরসা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *