প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের মধ্য থেকেই গড়ে উঠবে আগামীর নেতৃত্ব।
শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। তোমরা প্রত্যেকে বাংলাদেশের একজন দূত হবে এবং ভবিষ্যতে দেশের দায়িত্ব গ্রহণ করবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে প্রশ্ন করেন, তোমরা কি পারবে? এর উত্তরে উপস্থিত শিক্ষার্থীরা একসঙ্গে হ্যাঁ, পারবো বলে সাড়া দেয়। জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি জানি, তোমরা অবশ্যই পারবে, ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, যে খেলোয়াড় হতে চায় সে খেলোয়াড় হবে, যে সংগীতশিল্পী হতে চায় সে সেই পথে এগোবে। সরকার সেই সুযোগ তৈরি করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্য থেকেই সংসদ সদস্য, মন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি তৈরি হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দেশের ৬৪ জেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে বিকেএসপির শিক্ষার্থীরা ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলায় মনোমুগ্ধকর প্রদর্শনী উপস্থাপন করে।
অনুষ্ঠানে আমরা নতুন, আমরা কুঁড়ি শীর্ষক থিম সংগীত পরিবেশন এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন, ট্রফি ও লোগো উন্মোচন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ অন্যান্য মন্ত্রী, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আশির দশকের জনপ্রিয় নতুন কুঁড়ি কর্মসূচির ধারাবাহিকতায় ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করা হয়েছে।
