প্রথমবার হাইব্রিড পোস্টাল ভোট, চ্যালেঞ্জ পেরিয়ে এগোচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক :

3 Min Read
সিইসি এএমএম নাসির উদ্দিন দুপুরে তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: বাসস

দেশে প্রথমবার চালু হওয়া হাইব্রিড পোস্টাল ভোট ব্যবস্থা ভবিষ্যতে বিশ্বব্যাপী একটি উদাহরণ হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।

তিনি জানান, স্বাধীনতার ৫৪ বছরে যা আগে কখনো বাস্তবায়ন হয়নি, সেই উদ্যোগই এবার গ্রহণ করা হয়েছে। প্রবাসে অবস্থানরত ভোটাররা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই পোস্টাল ব্যালট চালু করা হয়েছে। প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন কমিশন দৃঢ়ভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

সিইসি বলেন, এই ব্যবস্থাটি ভবিষ্যতে আরও আধুনিক ও কার্যকর করা হবে। পরবর্তী নির্বাচনে এর পরিসর বাড়বে এবং প্রযুক্তিগতভাবে আরও উন্নয়ন ঘটানো হবে।

প্রথমবারের মতো এ পদ্ধতি চালু করতে গিয়ে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব চ্যালেঞ্জ সমাধানে দীর্ঘদিন ধরে কাজ করা হয়েছে। এ জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, আইসিটি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা নেওয়া হয়েছে। আইএফএস, ইউএনডিপিসহ একাধিক কনসালট্যান্টের সহায়তায় সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হয়েছে বলে জানান তিনি।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে সিইসি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের বিষয়ে সবাই একমত হয়েছে। ভোটের দিন যত ঘনিয়ে আসবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং ভোটারদের মধ্যে থাকা ভয় কেটে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কর্মীরা অত্যন্ত উৎসাহ ও দ্রুততার সঙ্গে কাজ করছেন। দেশের জন্য অবদান রাখতে পারায় তারাও আনন্দিত।

তিনি আরও বলেন, নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা রয়েছে এবং ভবিষ্যতে তা আরও বাড়বে। কারণ সবাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে।

সিইসি জানান, এখন পর্যন্ত প্রায় ৫ লাখ ৭৫ হাজার ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনের সময়সীমা শেষ হতে এখনও তিন দিন বাকি রয়েছে এবং এই সময়ে নিবন্ধনের সংখ্যা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

- Advertisement -

এ সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *