নূরুল কবীরকে হেনস্তা ও মিডিয়ায় হামলার প্রতিবাদে ফখরুলের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি কেবল দুটি সংবাদমাধ্যমের ওপর হামলা নয়, বরং সরাসরি গণতন্ত্রের ওপর আঘাত। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। সভাটির আয়োজন করে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)। অনুষ্ঠানটি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। সভা শেষে হোটেলের পাশের সড়কে মানববন্ধন করেন অংশগ্রহণকারীরা।

প্রতিবাদ সভায় বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনভাবে চিন্তা করা ও মত প্রকাশের যে অধিকার নাগরিকদের রয়েছে, সেই অধিকার আজ আবারও আক্রমণের শিকার হয়েছে। তিনি বলেন, জুলাইয়ের যে গণআন্দোলন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য হয়েছিল, আজ সেই চেতনার ওপরও আঘাত এসেছে। এ অবস্থায় কেবল রাজনৈতিক দল নয়, সব গণতন্ত্রকামী মানুষকে একত্রিত হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এই অপশক্তিকে প্রতিহত করতে শুধু সহমর্মিতা নয়, বরং সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত হামলায় প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। একই রাতে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করা হয়। এসব ঘটনার প্রতিবাদেই সম্পাদক পরিষদ ও নোয়াব যৌথভাবে এই প্রতিবাদ সভার আয়োজন করে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *