দেশের তরুণদের আত্মরক্ষার দক্ষতা বাড়াতে ২৭ কোটি ৮২ লাখ টাকার একটি নতুন প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। ‘যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’ নামে তিন বছর মেয়াদি এ কর্মসূচি বাস্তবায়ন করবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প মূল্যায়ন কমিটির পর্যালোচনার পর ১৩ অক্টোবর উদ্যোগটির অনুমোদন দেওয়া হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রকল্পটি ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং পুরো অর্থায়ন দেবে সরকার।
এই কর্মসূচির মাধ্যমে ৮ হাজার ৮৫০ জন তরুণ-তরুণীকে আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে। এর মধ্যে ৮ হাজার ২৫০ জন তরুণ এবং ৬০০ জন তরুণী অংশ নেবেন। প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপি ক্যাম্পাসসহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেটের আঞ্চলিক কেন্দ্রগুলোতে। এছাড়া রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অংশগ্রহণকারীরা ঢাকা বা দিনাজপুর কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে পারবেন।
দেশের ৬৪ জেলার তরুণ-তরুণীকে এই কার্যক্রমের আওতায় আনাই মূল লক্ষ্য।
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম, প্রয়োজনীয় উপকরণ ও অংশগ্রহণকারীদের সহায়তার জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৬ কোটি ৫১ লাখ টাকা। ক্রীড়া ও প্রশিক্ষণ সরঞ্জাম কেনায় ব্যয় হবে ৭ কোটি ৮ লাখ টাকা এবং আসবাবপত্রের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ১৭ লাখ টাকা। ডরমিটরি সংস্কার, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি এবং যানবাহন ভাড়া বাবদ বরাদ্দ রাখা হয়েছে যথাক্রমে ৬৭ লাখ ২২ হাজার, ৪৪ লাখ ৩ হাজার ও ৪২ লাখ ৪৫ হাজার টাকা।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ উদ্যোগ তরুণদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সহনশীলতা বাড়ানোর পাশাপাশি আত্মরক্ষার কৌশল শেখাতে সহায়তা করবে।
আকস্মিক বা বিপদজনক পরিস্থিতিতে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করছেন।
