১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্র দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

নির্বাচন কমিশন এখন থেকে ১৬ বছর বয়সী নাগরিকদেরও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। রোববার নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) ধারা-৫-এর অধীনে আবেদনের সময় যেসব নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশনা অবহিত করা হয়েছে।

খান আবি শাহানুর জানিয়েছেন, এনআইডি পাওয়া নাগরিকরা ভোটার তালিকায় তখনও যুক্ত হবেন না যতক্ষণ তারা ১৮ বছর বয়স পূর্ণ করবেন। এর আগে ১৭ বছর বয়সীদেরই এনআইডি দেওয়া হতো।

এদিকে নির্বাচন কমিশন আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন করবে। রোববার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সংবাদমাধ্যমকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জাতীয় ভোটার দিবসের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যে দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হবে।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, অন্যান্য বছরগুলোর মতো এবারও যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত হবে এবং এজন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *