ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, খামেনি ‘নেই’ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। তবে তিনি ‘নেই’ বলতে মৃত্যু নাকি অন্য কিছু বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে বিবিসি ভেরিফাই শনিবার তেহরানের স্যাটেলাইট ছবি প্রকাশ করে জানিয়েছে, রাজধানীতে খামেনির কার্যালয় ‘লিডারশিপ হাউস’-এর একটি অংশ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর ভবন এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রয়টার্সের বরাতে জানা গেছে, ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন খামেনি নিহত হয়েছেন এবং তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের এক হামলায় খামেনিসহ ইরানের পাঁচ থেকে দশজন শীর্ষ নেতা নিহত হতে পারেন বলে যুক্তরাষ্ট্র ধারণা করছে। একই বিষয়ে এনবিসি নিউজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা মনে করছি, এটি সঠিক খবর।”
তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম ও মেহের দাবি করেছে, সর্বোচ্চ নেতা ‘অবিচল রয়েছেন এবং রণাঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন।’ এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তার জানা মতে খামেনি জীবিত আছেন।
শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানজুড়ে একযোগে হামলা চালায়। বিভিন্ন সামরিক স্থাপনা ও শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে এ হামলা পরিচালিত হয় বলে জানা গেছে।
৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতা হন। এরপর থেকে ইরানের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় কাঠামোর ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির চূড়ান্ত সিদ্ধান্তও তার হাতেই কেন্দ্রীভূত ছিল।
ইসরায়েল দীর্ঘদিন ধরে খামেনিকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম প্রধান শক্তি হিসেবে দেখে আসছে। তাদের অভিযোগ, ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছিল তেহরান। গত বছর দুই দেশের মধ্যে ১২ দিনব্যাপী সংঘাতের সময়ও ইসরায়েলি নেতৃত্ব প্রকাশ্যে খামেনিকে হত্যার হুমকি দিয়েছিল।
বর্তমানে খামেনির প্রকৃত অবস্থা নিয়ে পরস্পরবিরোধী দাবি সামনে আসায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে।
খামেনির মরদেহ উদ্ধারের দাবি, প্রতিক্রিয়া নেই ইরানের
ইরানে ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় নিহত অন্তত ২০১
ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা: চীন-রাশিয়ার কড়া প্রতিক্রিয়া
মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ১৪ ঘাঁটিতে ইরানের হামলা
