বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠ জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপির অসাধারণ বিজয় দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক পোস্টে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। পরে তিনি টেলিফোনে তার সঙ্গে কথা বলেও অভিনন্দন জানান বলে উল্লেখ করেন। মোদী বলেন, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টার প্রতি তিনি সমর্থন জানিয়েছেন এবং দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন ঢাকা এক বার্তায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলে, বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তাসহ অভিন্ন অগ্রাধিকারের ক্ষেত্রে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।
নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানান। একই সঙ্গে বিএনপিকে বিজয়ে নেতৃত্ব দেওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি বেসরকারিভাবে ২১৬টি আসনে জয় পেয়েছে বলে জানা গেছে। ফল ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গন থেকে আসা অভিনন্দন বার্তায় নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়েছে।
