খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, আওয়ামী লীগ তা ধ্বংস করেছে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক :

3 Min Read

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু সেই ব্যবস্থাই বাতিল করে আওয়ামী লীগ সরকার প্রায় ১৫ থেকে ১৬ বছর দেশে একনায়কতান্ত্রিক শাসন কায়েম করে রেখেছিল।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার পহরচাদা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তাঁর পিতা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বারবার ক্ষতিগ্রস্ত করেছেন। জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকার হরণ করে একদলীয় ও ব্যক্তি-কেন্দ্রিক শাসনব্যবস্থা কায়েম করা হয়েছে। এর বিপরীতে বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ নয় বছরের সামরিক শাসনের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।

তিনি আরও বলেন, জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে খালেদা জিয়া সংসদীয় সরকার ব্যবস্থা পুনরায় চালু করেন এবং দেশের বাস্তবতা বিবেচনায় নিয়ে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন।

বিএনপির এই নেতা দাবি করেন, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটে এবং তারা পরাজিত হয়ে দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। তাঁর ভাষায়, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয়নি। মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা মানুষের মৌলিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের সময় ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং আলেম সমাজের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। তিনি বলেন, শাপলা চত্বরে আলেমদের ওপর গণহত্যা চালানো হয়েছে এবং রাতের আঁধারে নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে। বহু আলেমকে কারাবন্দি করা হয় বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, এসব দমন-পীড়নের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছে, যার ফল হিসেবে জনগণের বিরোধিতার মুখে তারা ক্ষমতা হারিয়েছে।

ভবিষ্যৎ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এখন দেশের মানুষের প্রত্যাশা একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ। জনগণ বৈষম্যহীন রাষ্ট্র, আইনের শাসন, সুবিচার ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।

পহরচাদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজির সভাপতিত্বে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে চকরিয়া বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, পহরচাদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন হায়দার, উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *