উত্তর আমেরিকার মাটিতে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল। কোচ রবার্তো মার্টিনেজ ৪১ বছর বয়সী সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে অধিনায়ক করে ২৬ সদস্যের স্কোয়াডের নাম ঘোষণা করেছেন।
তবে ২৬ জনের এই দলে কোচ এক আবেগঘন বার্তায় মোট ২৭ জনের নাম উল্লেখ করেছেন। গত বছর বিশ্বকে বিদায় দেওয়া ফরোয়ার্ড দিয়োগো জোটাকে ‘প্রতীকী সদস্য’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোচ মার্টিনেজ জানিয়েছেন, এই বিশ্বকাপ অভিযানে দিয়োগো জোটা মানসিকভাবে দলের সঙ্গে থাকবেন।
পর্তুগালের এই দল অভিজ্ঞতার সঙ্গে তরুণ প্রতিভার সুন্দর মেলবন্ধন প্রকাশ করছে। রক্ষণভাগে অভিজ্ঞ খেলোয়াড়রা থাকলেও মাঝমাঠ ও আক্রমণভাগে নজর কাড়ছে একঝাঁক তরুণ প্রতিভা।
পর্তুগাল গ্রুপ ‘কে’-তে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। দল আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার সঙ্গে খেলার কথা রয়েছে।
পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: দিয়েগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো
রক্ষণভাগ: দিয়েগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনজালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো, ম্যাথিউস নুনেস
মাঝমাঠ ও আক্রমণভাগ: রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো (অধিনায়ক), জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস, গনসালো রামোস
