বিশ্বকাপে চালু হওয়া ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে কড়া সমালোচনা করেছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। তাঁর মতে, পানি পানের এই বিরতি ফুটবলে নতুন কিছু যোগ করছে না; বরং খেলাটির নিজস্ব বৈশিষ্ট্য ও ঐতিহ্য ক্ষতিগ্রস্ত করছে।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার উষ্ণ আবহাওয়া বিবেচনায় নিয়ে চলতি বিশ্বকাপে প্রতিটি অর্ধে নির্দিষ্ট সময় পানি পানের বিরতির নিয়ম চালু করেছে ফিফা। এই বিরতির সময় খেলোয়াড়দের বিশ্রামের পাশাপাশি কোচিং স্টাফ কৌশলগত নির্দেশনাও দিতে পারছেন।
তবে এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সমালোচকদের মতে, ৯০ মিনিটের ম্যাচকে চার ভাগে বিভক্ত করে ফেলছে এই বিরতি, যা খেলায় ছন্দপতন ঘটাচ্ছে। একই সঙ্গে টেলিভিশন সম্প্রচারে অতিরিক্ত বিজ্ঞাপনের সুযোগ তৈরি হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এর আগে নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইকও এই নিয়মের সমালোচনা করে একে বিজ্ঞাপন প্রচারের অজুহাত হিসেবে উল্লেখ করেছিলেন।
বাংলাদেশ সময় সোমবার ভোরে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিয়েলসা বলেন, ফুটবল ঐতিহ্যগতভাবে দুই অর্ধে খেলার একটি ধারাবাহিকতা বহন করে। এখন সেটি চার ভাগে বিভক্ত হচ্ছে, যা খেলাটির সংস্কৃতিকে বদলে দিচ্ছে।
তিনি আরও বলেন, প্রযুক্তিগত সহায়তা যেমন ভিএআর খেলাকে উন্নত করতে ভূমিকা রাখলেও হাইড্রেশন ব্রেকের পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। তাঁর ভাষায়, এটি নতুন কিছু যোগ করছে না; বরং ফুটবলের অনেক কিছু কেড়ে নিচ্ছে।
চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পায়নি উরুগুয়ে। সৌদি আরবের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। অন্যদিকে কেপ ভার্দে তাদের প্রথম ম্যাচে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয়।
