টি–২০ বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শেষ করল বাংলাদেশ। প্রথম ম্যাচে হার, দ্বিতীয় ম্যাচে কঠিন পরীক্ষার পর তৃতীয় ও শেষ টি–২০তে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে লিটন দাসের দল। ফলে তিন ম্যাচের সিরিজ জিতে নেয় বাংলাদেশ ২–১ ব্যবধানে।
মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে নামা বাংলাদেশ শেষ পর্যন্ত আইরিশদের অলআউট করে মাত্র ১১৭ রানে। ইনিংস শেষ হয় এক বল বাকি থাকতেই। লক্ষ্য তাড়ায় নেমে ১৩.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
আইরিশদের ব্যাটিং বিপর্যয়
দিনের শুরুটা বেশ ভালোই ছিল সফরকারীদের। ৪ ওভারে ৩৮ রান তোলে আয়ারল্যান্ড। কিন্তু টিম টেক্টরের (১৭) বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। দশ ওভার শেষে স্কোরবোর্ডে ৬৬/৪; সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি পল স্টার্লিংরা।
অধিনায়ক স্টার্লিং লড়াই করলেও (২৭ বলে ৩৮, ৫ চার, ১ ছক্কা) তা যথেষ্ট হয়নি। মিডল অর্ডারে জর্জ ডকরেল ১৯ (২৩ বল) ও ডেলানি ১০ রান (১২ বল) যোগ করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট। সমান সংখ্যক উইকেট নেন মুস্তাফিজও ৩ ওভারে ১১ রানের বিনিময়ে। শরিফুল ইসলাম নেন ২টি, আর সাইফউদ্দিন ও শেখ মেহেদী একটি করে উইকেট শিকার করেন।
তানজিদের ফিফটিতে সহজ জয়
জবাবে ওপেনিংয়ে নেমে তানজিদ তামিম ও সাইফ হাসান ৩৮ রানের দ্রুত জুটি গড়েন। সাইফ ১৯ রান (১৪ বল) করে আউট হলে কিছুক্ষণ পর বিদায় নেন অধিনায়ক লিটন দাস (৭)। তবে চাপ সামলে নেন তানজিদ ও পারভেজ ইমন।
দু’জনের ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। তানজিদ ৩৬ বলে চারটি চার ও তিনটি ছক্কায় করেন অপরাজিত ৫৫। ইমনও খেলেন ২৬ বলে ৩৩ রানের ইনিংস (১ চার, ৩ ছক্কা)।
দাপুটে জয়ে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলো।
