চাটমোহরের ৬৮ শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, পাবনা :

2 Min Read
সম্মাননা স্বরূপ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

পাবনার চাটমোহর উপজেলায় সৃষ্টি হয়েছে এক ব্যতিক্রমী ও গৌরবময় অধ্যায়। উপজেলার বিভিন্ন এলাকার ৬৮ জন শিক্ষার্থী এবার দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির সুযোগ পেয়ে নজির স্থাপন করেছে। এই অসাধারণ সাফল্যে মঙ্গলবার (৩ জুন) বিকেলে কৃতি এসব শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী। শিক্ষার্থীদের কেউ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), কেউ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), কেউ বিভিন্ন মেডিকেল কলেজ, আবার কেউবা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা তাদের সংগ্রাম, প্রেরণা এবং সাফল্যের পেছনের গল্প শোনান। অনেক অভিভাবক এই গর্বের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত অনুজ শিক্ষার্থীরা এ আয়োজন দেখে অনুপ্রাণিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মুসা নাসের চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গণি, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, এবং কৃতি শিক্ষার্থী নুসরাত জাহান পান্না, রাকিব হাসান ও শাহরিয়ার তানভীর শোভন।

এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য ইউএনও মুসা নাসের চৌধুরীর ভূয়সী প্রশংসা করেছেন শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সংবর্ধনা শেষে তিনি বলেন,

   একটি উপজেলায় একসাথে এত শিক্ষার্থীর স্বনামধন্য প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া সত্যিই বিরল। আমি চেষ্টা করেছি তাদের এই কৃতিত্বকে সম্মান জানাতে এবং অন্যদের জন্য প্রেরণার উৎস করে তুলতে।

এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *