ডিআরইউতে সন্ত্রাসী হামলা, আহত একাধিক সাংবাদিক

স্টাফ রিপোর্টার, ঢাকা:

2 Min Read

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে বুধবার (২১ মে) দিবাগত রাতে সংঘটিত হয়েছে সন্ত্রাসী হামলার চাঞ্চল্যকর ঘটনা। হামলায় একাধিক সাংবাদিক আহত হয়েছেন। হামলাকারীরা পিস্তল, দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়েছে বলে ডিআরইউ কর্তৃপক্ষ জানিয়েছে।

ডিআরইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী জাকির হোসেন ও তার অনুসারীরা এ হামলা চালায়। হামলার সময় আহত হন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ একাধিক সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে ডিআরইউ কার্যালয়ের সামনে ‘চেয়ারম্যান টি স্টল’ নামে একটি দোকানে হঠাৎ হামলা চালায় জাকিরের নেতৃত্বাধীন একদল হামলাকারী। দোকানটি ভাঙচুর ও লুটপাটের পর প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায় তারা। এরপর দোকানটির অস্তিত্বই মুছে ফেলে।

ঘটনার প্রতিবাদে এগিয়ে গেলে সাংবাদিক মশিউর রহমানের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। খবর পেয়ে ডিআরইউ সভাপতি ঘটনাস্থলে পৌঁছালে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে হামলাকারীরা। ডিআরইউ জানায়, জাকির, তার স্ত্রী, মেয়ে ও ভাগনেসহ শতাধিক লোকজন মিলে সাংবাদিকদের ওপর এই সন্ত্রাসী হামলা চালায়।

সদস্যদের ওপর হামলার বিষয়ে জানতে চাইতেই আমার গায়েও হাত তোলে, — বলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন।

তিনি বলেন, একটি গরিব মানুষের দোকান লুট করে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলে তারা। এ ঘটনা কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গত ১৬ বছর ধরে জাকির গং সাংবাদিক ও এলাকার নিরীহ মানুষের ওপর রামরাজত্ব কায়েম করে আসছে। বৃহস্পতিবার আমরা এ ঘটনায় মামলা করব।

ভুক্তভোগী আজিমের স্ত্রী বলেন, জাকির আমার জায়গা জোর করে দখল করে রেখেছে। সেখান থেকে মাদক ব্যবসা চলে। এবার আমাদের দোকান লুটপাট করে ভেঙে নিয়ে গেছে। আমি এর বিচার চাই।

ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

- Advertisement -

ডিআরইউ কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *