বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। সেই সঙ্গে দলের ভেতর ও বাইরে কেউ যেন বিভেদের পথে না যায়, এমন বার্তাও দিতে চায় তারা।
সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার শুরুতেই ভেবেছিলেন, এ দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করতে হবে। জাতি গঠনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই যুবদলের যাত্রা শুরু।
তিনি বলেন, ৪৭ বছরে আমরা অনেক কিছু অর্জন করেছি যুবকদের কর্মসংস্থান, যুববিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, এবং তরুণদের চিন্তা-চেতনা দিয়ে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়েছি। আমাদের ‘৩১ দফা’ কর্মসূচিতেও সেই প্রতিফলন রয়েছে।
বিএনপি নেতা আরও জানান, দলটি সম্প্রতি সারা দেশে সফর করে তরুণদের রাজনৈতিক ভাবনা সংগ্রহ করেছে। তাদের চিন্তা-ধারা ও স্বপ্নকে সামনে রেখে ভবিষ্যতের কর্মসূচি সাজানো হচ্ছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের প্রার্থী বাছাই ও হাইকমান্ডের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, আমরা সারাদেশে আসনভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীর সঙ্গে কথা বলেছি। একটাই বার্তা দলের ভেতর ঐক্য থাকবে, জাতীয় ঐক্য থাকবে। যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি বা বৃহত্তর জোটে আছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাই।
শেষে তিনি জোর দিয়ে বলেন,জাতীয় ও দলীয় ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায় বিএনপি আজ সেই মেসেজটাই দিতে চায়।
