জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি কখনোই সুস্থ রাজনৈতিক চিন্তা করে না। তাদের অতীত ইতিহাস জাতির জানা এবং সেই কারণেই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত জামায়াত আমিরের বক্তব্য তাকে আহত করেছে। সেখানে বিএনপির বিরুদ্ধে ‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় আসার’ অভিযোগ করা হয়েছে, যা তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদের সঙ্গে প্রত্যাখ্যান করেন।
তিনি দাবি করেন, নির্বাচন পর্যবেক্ষণকারী দেশি-বিদেশি সব সংস্থা ও গণমাধ্যম একমত হয়েছিল যে, সাম্প্রতিক নির্বাচন ছিল দেশের ইতিহাসে অন্যতম নিরপেক্ষ ও সুষ্ঠু। ওই নির্বাচনে বিএনপি ২১৩টি আসন পেয়ে সরকার গঠনের সুযোগ পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জামায়াতকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, তাদের বক্তব্য থেকেই বোঝা যায় তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। একই সঙ্গে তিনি সতর্ক করেন, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের কোনো প্রচেষ্টা জনগণ মেনে নেবে না।
তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা নস্যাৎ করার চেষ্টা করছে একটি পক্ষ। এটি আবার স্বৈরাচারী শাসনের দিকে দেশকে ঠেলে দেওয়ার শঙ্কা তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আসন্ন ১ মে শ্রমিক সমাবেশ সফল করার আহ্বান জানান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
