প্রতারণার মামলায় পূজা চেরির বাবা কারাগারে

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১৮ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন বলে জানা গেছে। বিষয়টি শনিবার প্রকাশ্যে আসে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মিজানুর রহমান নামের এক ব্যক্তি গত ১৮ এপ্রিল দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলার পর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর মিজানুর রহমান ও তার এক সহযোগীর কাছ থেকে দেবু প্রসাদ রায় প্রথমে ৫ কোটি ৫০ লাখ টাকা ধার নেন। পরে একই খাতে আরও অর্থ নেওয়া হয়—এর মধ্যে ব্যাংক লেনদেন ও স্ট্যাম্প চুক্তির মাধ্যমে অতিরিক্ত টাকা গ্রহণের অভিযোগও রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তী সময়ে মোট ১৩ কোটি ২০ লাখ টাকার বেশি অর্থ নেওয়া হলেও তা আর ফেরত দেওয়া হয়নি। টাকা চাইলে নানা অজুহাত ও পরে হুমকির মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ করেন বাদী।

ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *