সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীর-এর জামিন মঞ্জুর করেছেন বাংলাদেশ হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আসলাম মিয়া। এর আগে গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেন।
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ডিসেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন।
গত ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরদিন ১৫ ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নাকচ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর আবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।
