ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৬ জন আটক

সিয়াম সাদিক, উত্তরাঞ্চল ব্যুরো :

2 Min Read

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি করার সময় ছাত্রদল নেতাসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা থেকে সেনাবাহিনী একটি দল তাদের আটক করে। আটক ছয়জন চাঁদা দাবি করে না পেয়ে ট্রাকচালক ও চালকের সহযোগীকে মারধর করে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহঃ আরশেদুল হক।

আটককৃতরা হলেন, জাহিদ হাসান (১৯), আব্দুল সমাদ (১৮), মোঃ সাত্তার (১৯), মোঃ ইব্রাহিম খলিল (২৩), মোঃ আলামিন (১৮) ও মোঃ রাশেদ আহমেদ (৩০)। তারা সবাই রানীশংকৈল উপজেলার ভবানন্দপুর গ্রামের বাসিন্দা। তারা রানীশংকৈল উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর রাতে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় মালবাহী একটি ট্রাক আটক করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। ট্রাকচালক ও চালকের সহযোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যুবকরা তাদের মারধর করেন এবং বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দেন। এসময় ট্রাকচালক গাড়ির মালিককে খবর দিলে তিনি বিষয়টি সেনাবাহিনীকে জানায়। পরবর্তীতে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল গিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে আটককৃতদের রানীশংকৈল থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন তারা।

এবিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহঃ আরশেদুল হক জানান, ভোররাতে একটি মালবাহী ট্রাক আটক করে চাঁদা দাবি করার অভিযোগে ৬জনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী। তবে তাদের বিরুদ্ধে কেউ বাদী হয়ে মামলা করছেন না। পরে আমরা আদালতে চালান দিয়েছি।

অভিযুক্ত ৬ জনকে চাদাবাজির অভিযোগে হাতেনাতে ধরলেও তারা চাদাবাজ কি না সে বিষয়ে সন্দেহের আঙ্গুল তুলেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তিনি বলেন, সেনাবাহিনী ধরলে কি তারা চাঁদাবাজি হয়ে গেলো? তবে তারা রাজনীতি করে কিনা সেটা আমি জানি না।

 

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *