ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

2 Min Read
ছবি : নিউজনেক্সট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের বহুল প্রত্যাশিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মেলনকক্ষে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা শেষে ফলাফলও ঘোষণা করা হবে। ৩০ জুলাই প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, যা নিয়ে আপত্তি জানানো যাবে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১১ আগস্ট। ১২ থেকে ১৮ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমার শেষ সময় ১৯ আগস্ট দুপুর ৩টা। ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ২১ আগস্ট প্রকাশিত হবে প্রাথমিক প্রার্থীতালিকা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট এবং ২৬ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীতালিকা।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানিয়েছেন, পরিচয়পত্র ও পে-স্লিপ ছাড়া কেউ ভোট দিতে পারবে না। এবারের নির্বাচনে প্রথমবারের মতো ছয়টি কেন্দ্রে হলভিত্তিক ভাগ করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কার্জন হল কেন্দ্রে ভোট দেবেন শহীদুল্লাহ, অমর একুশে ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষাকেন্দ্রে জগন্নাথ, সার্জেন্ট জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।

ছাত্র-শিক্ষক কেন্দ্রে রোকেয়া, শামসুন নাহার ও সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দেবেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। সিনেট ভবন কেন্দ্রে নির্ধারিত হয়েছে স্যার এ এফ রহমান, হাজী মুহম্মদ মহসীন ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের ভোটগ্রহণ। উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন সূর্য সেন, জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা।

নির্বাচন কমিশনার অধ্যাপক গোলাম রাব্বানী জানিয়েছেন, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *