ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সুপার নিউমারারি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মো. সরওয়ার সাময়িকভাবে ঢাকা মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব পালন করবেন। সম্প্রতি কমিশনার পদ থেকে শেখ মো. সাজ্জাত আলী অব্যাহতি নেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে লিখিত আবেদন করেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে চলমান রদবদলের মধ্যেই তার এই পদত্যাগের ঘটনা ঘটে।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী অতীতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হলেও চব্বিশের অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তাকে পুনর্বহাল করে। পরে ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে বুধবার নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তার দায়িত্ব গ্রহণের পরদিনই ডিএমপির কমিশনার পদে সাময়িক দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত অতিরিক্ত কমিশনার সরওয়ারই কমিশনারের দায়িত্ব পালন করবেন।
