ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) শহরের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছে। কর্মকর্তাদের ব্যবহৃত যানবাহনে জ্বালানি বরাদ্দ ৩০ শতাংশ এবং বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত যানবাহনে ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বৈশ্বিক জ্বালানি সংকট ও জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএসসিসির প্রশাসক আবদুস সালামের নির্দেশে বিষয়টি সরকারি আদেশ হিসেবে জারি করা হয়েছে।
ডিএসসিসির জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মকর্তাদের ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে গাড়ি ব্যবহার সীমিত করার পাশাপাশি শহরের বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত যানবাহনেও জ্বালানি কমানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দিনেরবেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার এড়িয়ে চলতে হবে। অফিসে বিদ্যমান বৈদ্যুতিক বাতির অর্ধেক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনীয় বাতি, ফ্যান, এয়ারকন্ডিশনার বা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার বন্ধ রাখতে হবে। বিশেষ করে এয়ারকন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে বলা হয়েছে।
অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখতে হবে এবং অফিস সময় শেষ হওয়ার পর কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আলংকারিক আলোকসজ্জা ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ডিএসসিসি সচিব মোহাম্মদ নাছিম আহমেদ স্বাক্ষরিত এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং সব বিভাগ ও আঞ্চলিক অফিসকে কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
