নির্বাচনের আগে লটারিতে বদলি হবে সব এসপি-ওসি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও ওসিদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগে লটারির মাধ্যমে বিশেষভাবে এসপি ও ওসিদের পোস্টিং দেওয়া হবে। কে কোথায় যাবে, সেটা আগে থেকে নির্ধারণ করা হবে না—লটারিই ঠিক করবে।”

তিনি বলেন, “গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন, নির্বাচন প্রস্তুতি শুরু হয়ে গেছে। তার ধারাবাহিকতায় আজকের এই সভায় নির্বাচনকালীন লজিস্টিক ও প্রশাসনিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রার্থীরা অনেক সময় নির্বাচনী এলাকায় তাদের পছন্দের ডিসি, এসপি কিংবা ওসি চাইতে পারেন। কিন্তু এবার আমরা গণমাধ্যমের উপস্থিতিতে লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নিয়েছি, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়।”

সভায় জানানো হয়, নির্বাচনের সময় সারাদেশে প্রায় ৮ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন এবং তাদের সবাইকে নির্বাচনকেন্দ্রিক প্রশিক্ষণ দেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা করব।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *