মনোনয়নপত্র সংক্রান্ত আপিল শুনানির দ্বিতীয় দিন শুরু

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি দ্বিতীয় দিনে গড়িয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটোরিয়ামে এ কার্যক্রম শুরু হয়। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, পূর্বঘোষিত সূচি অনুযায়ী আজ ৭১ থেকে ১৪০ ক্রমিক নম্বরের আপিলের শুনানি নেওয়া হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন বিকাল ৫টা পর্যন্ত এসব আপিলের শুনানি গ্রহণ করবেন।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) শুনানির প্রথম দিনে মোট ৭০টি আপিলের মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করে কমিশন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, প্রথম দিনের শুনানিতে ১৫টি আপিল নামঞ্জুর করা হয় এবং তথ্যগত অসংগতির কারণে ৩টি আপিলের শুনানি মুলতবি রাখা হয়।

মঞ্জুর হওয়া ৫২টি আপিলের মধ্যে ৫১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। অপরদিকে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক আগে বৈধ ঘোষিত একজন প্রার্থীর মনোনয়ন আপিল শুনানিতে বাতিল করা হয়।

ইসি সূত্র জানায়, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে। নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

শুনানি শেষে প্রতিটি আপিলের সিদ্ধান্ত মনিটরে প্রদর্শনের পাশাপাশি রায়ের পিডিএফ কপি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও পক্ষগুলোর ই-মেইলে পাঠানো হবে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এছাড়া ১০ থেকে ১২ জানুয়ারির মধ্যে নিষ্পত্তিকৃত আপিলের রায়ের অনুলিপি ১২ জানুয়ারি নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য, চলতি নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *