ডিসির পর ইউএনও, প্রশাসনে আরও বড় পরিবর্তন

মনিরুল ইসলাম:

1 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনে আরেক দফা বড় ধরনের রদবদল করেছে সরকার। জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তনের পর এবার উপজেলা প্রশাসনেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথম পর্যায়ে দেশের ১৬৬ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সিনিয়র সহকারী সচিবদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

জারি করা আটটি আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত ইউএনওদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। এ জন্য তাদের ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪-এর ক্ষমতা অর্পণ করা হয়েছে, যা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ইউএনওদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কেউ যোগদান না করলে সেদিন বিকেল থেকেই তাদের বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বদলি হওয়া কোনো কর্মকর্তার দপ্তর বা পোস্টিং আগেই বদলে থাকলে তিনি বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে পারবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *