ঢাকায় হকারদের ডিজিটাল পরিচয়পত্র বিতরণ শুরু, পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ছবি- সংগৃহীত

রাজধানীতে হকার ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করতে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ফুটপাত পথচারীবান্ধব করা এবং হকারদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’-এর আওতায় এই পুনর্বাসন কার্যক্রম চালু করা হয়েছে।

উদ্বোধনী দিনে গুলিস্তান এলাকার ১০০ জন হকারের মধ্যে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করা হয়। তাদের রমনা ভবন সংলগ্ন লিংক রোড এলাকায় নির্ধারিত স্থানে পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রশাসক বলেন, এই উদ্যোগের মাধ্যমে একদিকে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল সহজ করা হবে, অন্যদিকে হকারদের জন্য বৈধ ও সুশৃঙ্খল ব্যবসার সুযোগ তৈরি হবে। তিনি হকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নগরবাসীর সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

ডিএসসিসি সূত্র জানায়, প্রস্তাবিত নীতিমালার আওতায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হকারদের জন্য নির্দিষ্ট সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে। দিনের বেলায় গুলিস্তান টুইন টাওয়ার গলি, বাইতুল মোকাররমের পূর্বগেট সংলগ্ন সড়ক, নিউ মার্কেটের দক্ষিণ গেটের একাংশ এবং শাজাহানপুর রেলওয়ে কলোনির ভেতরের সড়কে হকারদের বসার অনুমতি দেওয়া হবে।

এ ছাড়া সন্ধ্যাকালীন বাজার হিসেবে মতিঝিলের ইসলাম চেম্বারের সামনে ও আশপাশের এলাকা এবং রাজউক ভবনের পেছনে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পণ্য বিক্রি করতে পারবেন হকাররা।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব পরিমল সরকার এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর ফুটপাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং হকারদের জীবিকাও সুরক্ষিত হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *