উড়োজাহাজের স্বল্পতা ও আসন্ন হজ কার্যক্রমের চাপের কারণে ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটে নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বিমান সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা–ম্যানচেস্টার রুটে কোনো ফ্লাইট পরিচালিত হবে না। সম্প্রতি বিমানের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, উড়োজাহাজের সীমিত সংখ্যা, হজ ফ্লাইট পরিচালনার প্রস্তুতি এবং কয়েকটি উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের কারণে সাময়িকভাবে এ রুট স্থগিত রাখা হচ্ছে।
তিনি বলেন, নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং পরিচালন দক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।
বোসরা ইসলাম আরও জানান, ঢাকা–ম্যানচেস্টার রুটের পরিবর্তে যাত্রীদের ঢাকা–লন্ডন–ঢাকা রুটে বিকল্প ফ্লাইট সুবিধা দেওয়া হবে। পাশাপাশি টিকিটের তারিখ পরিবর্তন ও রিফান্ডসহ সংশ্লিষ্ট বিষয়ে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডনের টিকিট বিক্রয় অফিস, বিমান কল সেন্টার কিংবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
