চলতি দায়িত্ব থেকে স্থায়ীভাবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (টিজিটিডি পিএলসি)-র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন শাহনেওয়াজ পারভেজ। সোমবার (১৯ মে) এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।
আদেশে উল্লেখ করা হয়, পেট্রোবাংলার সুপিরিয়র সিলেকশন কমিটির মূল্যায়ন ও সুপারিশের ভিত্তিতে এবং ১৭ মে অনুষ্ঠিত পরিচালনা বোর্ডের ৬০৮তম সভার সিদ্ধান্ত ও অনুমোদন অনুযায়ী শাহনেওয়াজ পারভেজকে টিজিটিডি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক পদে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদেই দায়িত্ব পালন করবেন বলে আদেশে জানানো হয়েছে।
এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় তিতাস গ্যাসের এমডি পদে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছিল শাহনেওয়াজ পারভেজকে।
তৎকালীন আদেশে স্পষ্ট করে বলা হয়েছিল, এ চলতি দায়িত্ব সাময়িক এবং এটি পারস্পরিক জ্যেষ্ঠতার ওপর কোনো প্রভাব ফেলবে না বা নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে অধিকার তৈরি বা হানি করবে না। এছাড়া, পরবর্তীতে অন্য কেউ এ পদে নিযুক্ত হলে তিনি তার মূল পদ, অর্থাৎ পেট্রোবাংলার মহাব্যবস্থাপক পদে ফিরে যাবেন।
তবে এবার সরকার তাকে স্থায়ীভাবে গ্রেড-২ (৬৬,০০০-৭৬,৫৯০) স্কেলে পূর্ণ দায়িত্বে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি চলতি দায়িত্ব পালনকালে গ্রেড-৩ (৫৬,৫০০-৭৪,৪০০) স্কেলে বেতনভুক্ত ছিলেন।
শাহনেওয়াজ পারভেজের এ পদোন্নতিকে তিতাস গ্যাসের নীতি-নির্ধারণ ও পরিচালনায় নতুন গতি আনার সম্ভাবনা হিসেবে দেখছেন জ্বালানি খাতের সংশ্লিষ্টরা।
