দুর্নীতির অভিযোগে সাবেক এমপি দুর্জয় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। তিনি জানান, দুর্জয়ের বিরুদ্ধে মামলা রয়েছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে গত বছরের ৩ অক্টোবর আদালত দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুদক।

এছাড়া চলতি বছরের ২১ জানুয়ারি দুর্জয়ের নামে থাকা রাজধানীর লালমাটিয়ায় ২,৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দের নির্দেশ দেয় ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত। একইসঙ্গে তাদের নামে থাকা ১২টি ব্যাংক হিসাবও জব্দ করা হয়।

নাঈমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *