সম্প্রতি প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট এবং উদীচী কার্যালয়ে হামলার প্রতিবাদে ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’ নামে একটি সম্মিলিত প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ। মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর ধানমণ্ডির সাতমসজিদ রোডে অবস্থিত আবাহনী মাঠের পাশে ফুটপাথে এই অবস্থান কর্মসূচিতে যোগ দেন সংস্কৃতিকর্মী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রতিবাদ কর্মসূচিটি আয়োজিত হয় দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ এবং নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের যৌথ উদ্যোগে। এতে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনয়শিল্পী লুভা নাহিদ চৌধুরী, আজাদ আবুল কালাম, আজমেরী হক বাঁধন, বাকার বকুল, অরুপ রাহীসহ আরও অনেকে।
বক্তারা এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং শরিফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন। তারা দ্য ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট এবং উদীচী কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও সঙ্গীত সামগ্রী পুড়িয়ে ফেলার প্রতিবাদ জানান এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি করেন।
এদিকে, ছায়ানট ভবনের সামনে সংস্কৃতির ওপর সহিংস হামলার প্রতিবাদে গানে গানে একটি সম্মিলিত সংহতি সমাবেশ আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। এই সমাবেশে কণ্ঠশিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিসেবীরা অংশ নেন। সেখানে ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘চল চল চল’, ‘ঊর্ধ্ব গগনে বাজে মাদল’, ‘ও আমার দেশের মাটি’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘হিমালয় থেকে সুন্দরবন’সহ জাতীয় সংগীত গাওয়া হয়।
এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সংস্কৃতি ও সাংবাদিকতার ওপর হামলার প্রতিবাদ এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও বাকস্বাধীনতার প্রতি সংহতির বার্তা দেওয়া হয়।
