কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপ এলাকা সংলগ্ন পরিত্যক্ত মালামালের স্তুপে সোমবার রাত পৌণে ৯টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সালাহউদ্দিন কাদের চৌধুরী জানান, “বিদ্যুৎকেন্দ্রের পরিত্যক্ত ময়লার স্তুপে হঠাৎ আগুন ধরে যায়। ঘটনাস্থলে দুইটি মহেশখালী ইউনিট এবং চকরিয়া থেকে একটি ইউনিট সহ মোট তিনটি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয় বিদ্যুৎকেন্দ্রের অগ্নিনির্বাপক দলও সহায়তা করছে।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা রামপ্রশাদ দাশ জানান, আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিছু লোক পরিকল্পিতভাবে স্ক্র্যাপে আগুন দিয়েছে। “আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নি। তবে আশেপাশে কোনো স্থাপনা না থাকায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই,” তিনি বলেন।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের তত্ববধায়ক প্রকৌশলী (তড়িৎ) এ.এইচ. এম. রোকনুজ্জামান বলেন, “ফেলে রাখা স্ক্র্যাপ ইয়ার্ডে হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।”
বিধি-নিষেধ মোতাবেক স্থানীয় ইউএও ও ফায়ার সার্ভিসের ডিডিও ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পরিস্থিতি মনিটর করছেন।
