বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য, ব্যবসা, শিক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ব্লু ইকোনমিতে বিনিয়োগের সুযোগ তৈরি, ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বৈশ্বিকভাবে আরও বিস্তৃত করা এবং শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
লন্ডনে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট এমপি। ঢাকায় প্রাপ্ত এক বার্তায় মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি চলতি মাসের শেষ দিকে ক্যামেরুনে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আগে যোগাযোগ অব্যাহত রাখার ব্যাপারেও উভয় পক্ষ একমত হয়।
এদিকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। সেখানে বিমান পরিবহন খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল।
অন্যদিকে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক পদে ২০২৭-২০৩৬ মেয়াদের জন্য যুক্তরাজ্যের প্রার্থী অধ্যাপক ড্যাপো আকান্দে বাংলাদেশের সমর্থন চেয়ে তার প্রার্থিতা তুলে ধরেন।
বৈঠকগুলোতে বহুপাক্ষিক ফোরাম ও আন্তঃসরকারি নির্বাচনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের প্রতিনিধিরা।
