ধলেশ্বরীতে ফেরি দুর্ঘটনা: তিনজনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদী পারাপারের সময় একটি ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান নদীতে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দু’জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এবং আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নৌপুলিশের ডুবুরি দল নদী থেকে দু’টি মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান।

নিহতরা হলেন সিঙ্গাপুরফেরত প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল চালক মো. রফিক (৩৫) এবং ভ্যানচালক স্বাধীন (২৫)।

পুলিশ জানায়, শনিবার রাত প্রায় ৯টার দিকে সদর উপজেলার বক্তাবলী এলাকায় একটি ফেরি ধলেশ্বরী নদী পার হচ্ছিল। এ সময় ফেরির ওপর থাকা একটি ট্রাক হঠাৎ চলতে শুরু করলে ট্রাকটির সামনে থাকা আরও চারটি যানবাহন দুটি যাত্রীবাহী অটোরিকশা, একটি তিন চাকার ভ্যান ও দুটি মোটরসাইকেলসহ নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন। তাদের মধ্যে রফিককে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাইনবোর্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার প্রায় সাড়ে চার ঘণ্টা পর নৌপুলিশের ডুবুরি দল নদী থেকে মাসুদ রানা ও স্বাধীন-এর মরদেহ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, মাসুদের মরদেহটি ফেরির পাখার সঙ্গে আটকে ছিল এবং উদ্ধারকালে তার দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়।

নিহত মাসুদ রানা বক্তাবলী ইউনিয়নের গোপালনগর এলাকার আতাউর সরদারের ছেলে। তিনি এক মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিলেন এবং পুনরায় বিদেশে যাওয়ার প্রস্তুতি হিসেবে নারায়ণগঞ্জ শহরে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ শেষে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

পুলিশের ধারণা, ফেরির ওপর ট্রাকটি নিউট্রাল অবস্থায় না রেখে চালু করায় সেটি হঠাৎ সামনে এগিয়ে যায় এবং দুর্ঘটনাটি ঘটে। পরে ফেরিটি ঘাটে পৌঁছালে বিষয়টি নৌপুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেরিতে থাকা বাকি যানবাহনগুলো নিরাপদে নামিয়ে দেয়।

ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *