নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধে তিন খুন: ২২ বছর পর তিনজনের যাবজ্জীবন

সিয়াম সাদিক ,বগুড়া ব্যুরো :

2 Min Read

নওগাঁর পোরশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে হত্যা মামলায় তিন আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় আরো ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা এবং চার আসামীকে খালাস প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় মামলার রায় ঘোষণা করেন নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এর বিচারক মো: ফেরদৌস ওয়াহিদ।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক (পলাতক), কাদির ওরফে কাদের এবং আমির আলী ওরফে আমির।

বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- দুরুল হুদা (পলাতক), সেমাজুল ইসলাম, তরিকুল ইসলাম, আবুল কাশেম, রেজাউল করিম, ওয়াজেদ আলী, আবুল কালাম এবং আলিম ওরফে আলম।

মামলা থেকে খালাস পেয়েছেন- রফিকুল ইসলাম ওরফে রফিক, কহিনুর বেগম, মরিয়ম বিবি এবং কমেলা বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায়- ২০০৩ সালে ৩০ আগষ্ট সকালে নওগাঁর পোরশা থানার কালাইবাড়ী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্র লাঠি, হাসুয়া ও ফালা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়। এতে শফিকুল, মিজানুর, সেরিনা, বইফুল ও নার্গিস সুলতানা নামে চারজন গুরুত্বর রক্তাক্ত জখম হয়। তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরমধ্যে শফিকুল, সেরিনা, নার্গিস সুলতানার অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।

ঘটনায় সামাদ নামে এক ব্যক্তি বাদী হয়ে পোরশা থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন পাঠান। মামলার দীর্ঘ শুনানি শেষে ওই তিনজনকে হত্যা মামলায় তিনজন আসামীর যাবজ্জীবন ও আরো ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এছাড়া চারজন আসামীকে খালাস প্রদান করা হয়েছে। মামলা চলাকালীন সময় সায়েদা নামে এক আসামী মারা যান।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- অতিরিক্ত কৌশূলী সাব্বির আহম্মেদ এবং আসামী পক্ষের আইনজীবী অমরেন্দ্র নাথ ঘোষ, সঞ্জীব সরকার ও নাজমুন নাহার।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *