নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’, খণ্ড খণ্ড মিছিলে মুখর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ ঘিরে সকাল থেকেই জমজমাট পরিবেশ তৈরি হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০টার পর থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশকে ঘিরে পুরো নয়াপল্টন এলাকা যেন পরিণত হয়েছে মিছিল, স্লোগান ও সংগীতের এক মিলনমেলায়। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, দলের রঙের টি-শার্ট, মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে স্লোগানে স্লোগানে প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন।

দলের পক্ষ থেকে তৈরি করা হয়েছে একটি মঞ্চ। মাইক থেকে ভেসে আসছে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তৈরি সংগীত। সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকেও বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দিয়েছেন।

বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। নয়াপল্টন ও আশপাশের এলাকায় দৃশ্যমান রয়েছে পুলিশের উপস্থিতি।

তারুণ্যকে সঙ্গে নিয়ে রাজনীতিতে প্রাণ ফেরাতে মে মাসজুড়েই কর্মসূচি পালন করে আসছে বিএনপির এ তিন অঙ্গসংগঠন। চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এর আগে তারা সমাবেশ ও সেমিনার আয়োজন করেছে। ঢাকার এই কেন্দ্রীয় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *