ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও চার বারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে তিনি এ ঘোষণা দেন।
রেজাউল করিম অভিযোগ করেন, অধিকাংশ ভোটকেন্দ্রে তার পোলিং এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং অনেককে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, কিছু কেন্দ্রে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চলে যাওয়ার পর জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। তার সমর্থকদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।
রেজাউল করিমের দাবি, একটি নির্দিষ্ট দলের নেতাকর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন এবং অন্য প্রতীকে ভোট দিলে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন। এ পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না উল্লেখ করে তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজহারুল ইসলাম মান্নান।
