ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এভাবে চূড়ান্ত প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৭ জন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের (ইসি) পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২৯৮টি আসনে (পাবনা-১ ও পাবনা-২ বাদে) এই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রসঙ্গত, নির্বাচনের ৩০০টি আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ১,৮৫৮টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, ৭২৬টি বাতিল হয়। পরে ৬৩৯ জন প্রার্থী আপিল করেন, যার ফলে ৪৩১ জন প্রার্থী তাদের প্রার্থিতা পুনরায় ফিরে পান।
ইসি সূত্র জানায়, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। আজ (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে।
ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে সম্পন্ন হবে।
এ নির্বাচনের তফসিল ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর।
