চীনে যাওয়ার পথে অনলাইন নিউজ পোর্টাল নিউজনেক্সটের সম্পাদক নজরুল ইসলাম মিঠুকে বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘হয়রানি’ হিসেবে আখ্যা দিয়েছে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব)। সংগঠনটি বলেছে, কোনো কারণ না জানিয়ে এ ধরনের ভ্রমণ বাধা ‘অযাচিত ও অপ্রত্যাশিত’।
মঙ্গলবার এক বিবৃতিতে বিদেশি গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের এই সংগঠন উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, ওকাবের বর্তমান সভাপতি নজরুল ইসলাম মিঠুর বিদেশযাত্রায় বাধা দেওয়া তার চলাচলের মৌলিক স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন।
সংগঠনটি জানায়, নিরাপত্তা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ায় আমরা নিন্দা জানাচ্ছি। এ ধরনের ঘটনা সাংবাদিকদের মধ্যে ভয় ও শঙ্কা সৃষ্টি করতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বজুড়ে যখন ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হচ্ছিল, ঠিক সেই সময় এই ঘটনা ঘটায় বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
গত রোববার চীনে যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে নজরুল ইসলাম মিঠুকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়। তিনি জার্মান সংবাদ সংস্থা ডিপিএর ঢাকা প্রতিনিধি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি।
ঘটনার পর মিঠু দাবি করেন, একটি গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে কী কারণে এই আপত্তি, সে বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি বলেও তিনি জানান।
এ বিষয়ে পুলিশের বিশেষ শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যাত্রীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সংস্থার আপত্তির পরিপ্রেক্ষিতেই ওই দিন মিঠুকে যেতে দেওয়া হয়নি।
ওকাব এই ঘটনার দ্রুত ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়ে বলেছে, সাংবাদিকদের অধিকার ক্ষুণ্ন করে এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে এ ধরনের নিবর্তনমূলক কার্যক্রম বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
