কারান্তরীণ দলীয় সভাপতি রাশেদ খান মেননের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির নেতারা অভিযোগ করেছেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার করে প্রায় দুই বছর ধরে তাকে কারাগারে রাখা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে শহীদ রাসেল আহমেদ খান স্মৃতি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। মহামতি কার্ল মার্কসের ২০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ওয়ার্কার্স পার্টির মতাদর্শ বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, গুরুতর অসুস্থতার কারণে রাশেদ খান মেননের জীবন বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে। তার সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত মুক্তির উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
আলোচনায় বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় নেতা শরীফ শমসীরসহ অন্যরা। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন। এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুলসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, কার্ল মার্কসের চিন্তা ও দর্শন এখনও বিশ্ব রাজনীতিতে প্রাসঙ্গিক। পুঁজিবাদী ব্যবস্থার সংকট ও সাম্রাজ্যবাদী সংঘাত বোঝার ক্ষেত্রে তাঁর তত্ত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপটেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মার্কসবাদী চিন্তার প্রয়োগ প্রয়োজন বলে মত দেন তারা।
