নেপালে বিক্ষোভে আগুনে দগ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

1 Min Read

নেপালে তীব্র বিক্ষোভের মধ্যে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। সোমবার রাতে কাঠমান্ডুর ডাল্লু এলাকায় তাদের বাসায় বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে তিনি গুরুতর দগ্ধ হন। পরে কির্তিপুর বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার। খবর ইন্ডিয়া টুডে

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে দেশটি। গণবিক্ষোভের চাপে মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ ছাড়েন কে পি শর্মা অলি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আরও দাবি করেছে, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেলও পদত্যাগ করেছেন। তবে তার দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, লিংকডইন ও এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা দিয়েছিল অলির সরকার। এর প্রতিবাদে সোমবার থেকে নেপালজুড়ে কয়েক হাজার তরুণ-তরুণী (জেন-জি প্রজন্ম) রাজপথে বিক্ষোভে নামে।

রাজধানী কাঠমান্ডুসহ অন্তত সাতটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেসের কার্যালয় ও মন্ত্রী-রাজনীতিকদের বাড়িঘরে হামলা চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে কাঠমান্ডুতে ১৭ জন ও ইতাহারিতে ২ জন নিহত হন। এছাড়া চার শতাধিক মানুষ গুরুতর আহত হন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *